ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাবিয়া ওই গ্রামের মৃত ফকির আলী মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে ওই বৃদ্ধা রাবিয়া একাই তার ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ঘরে আগুন ধরে যায়। আগুনে তার টিনের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আশপাশের সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মণ্ডল বলেন, ‘ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে পুড়ে গেছেন।’
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘৯৯৯-এ ফোনে আমাদের সহযোগিতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। তবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন– কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা, ৮ নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান।









