বরিশালে পায়েল চৌধুরী (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পায়েল বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ভ্যানচালক বিমল চৌধুরীর মেয়ে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
রাতে লাশ উদ্ধার করতে যাওয়া আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন পায়েলের বাবার বরাত দিয়ে জানিয়েছেন, এ বছর ষষ্ঠ শ্রেণিতে উঠেছে পায়েল। তার লেখাপড়ার প্রতি খুব ঝোঁক। স্কুলে ক্লাস শুরুর আগে ড্রেস কিনতে টাকা চেয়েছিল। কিন্তু দারিদ্র্যের কারণে পরিবার স্কুল ড্রেস কিনে দিতে পারেনি। পায়েল বিভিন্ন ক্ষেতে গিয়ে ইরি ধানের বীজতলা থেকে চারা তুলে দিয়ে কিছু টাকা পেতো। ওই টাকা স্কুলের ড্রেস কিনতে জমিয়ে রাখে সে। কিন্তু শুক্রবার ঘরে বাজারের টাকা না থাকায় পায়েলের জমা করা টাকা দিয়ে বাজার করেন পায়েলের বাবা। পায়েল বিষয়টি জানতে পেরে তার মা-বাবার ওপর রাগ করে। এ নিয়ে পায়েলকে তার মা বকাঝকা করেন। এর এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে ঘরে থাকা বিদ্যুতের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এসআই আরও জানান, পায়েলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।









