যৌতুকের দাবিতে আয়শা বেগম (২৫) নামে এক নারীকে মারধর করে বঁটি দিয়ে মাথার চুল কেটে দিয়েছেন তার স্বামী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে সোমবার রাতের এই ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তের নাম শাহিনুর বিশ্বাস (৩০)। পুলিশ দুপুরে আয়শার স্বামী শাহিনুরকে আটক করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২/১৩ বছর আগে বলিদাপাড়া গ্রামের শাহিনুর বিশ্বাসের সঙ্গে আয়শা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শাহিনুর প্রায়ই আয়শাকে মারধর করতো। মেয়ের সুখের কথা ভেবে আয়শার বাবা শাহিনুরকে নগদ ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়। এছাড়াও শাহিনুর স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে ৬০ হাজার নেন। এরপরও প্রায়ই তাকে যৌতুকে দাবিতে মারধর করতো। গত সোমবার রাত ১১টার দিকে আয়শাকে মারধর করে, মাথার চুল কেটে দেয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আয়শা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী শাহিনুরকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং ৬। মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার দুপুরে শাহিনুরকে গ্রেফতার করে।
আয়শা বেগম জানান, সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি এতোদিন শাহিনুরের অত্যাচার সহ্য করেছেন। সোমবার রাতে শাহিনুর তাকে মারধর করে মাথার চুল কেটে ঘরে আটকে রাখে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পুলিশ আয়শার স্বামী শাহিনুরকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।
/জেবি/টিএন/আপ-এআর/








