গাজীপুরে দুই ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সোমবার রাতে তাদের ৬ সহপাঠীকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃতদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুরাদিয়াটেক এলাকার ইসমাইল খানের ছেলে রিশাত খান (২২) এবং একই এলাকার সেলিম খানের ছেলে পারভেজ খান। তারা গাজীপুর শহরের মডেল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) টেলি কমিউনিকেশনের ছাত্র।
আটককৃতরা হলেন, একই ইনস্টিটিউটের ছাত্র ও তাদের শফিকুল ইসলাম মুন্না (২২), মেহেদী হাসান রাজিব (২০), আনম ফয়সাল হোসেন (২১), শাহাদাৎ হোসেন সৈকত (২৫), কাউসার হোসেন (২৩) ও আসাদ (২২)।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মুন্না, রাজিব ও নাঈমের (পলাতক) সঙ্গে সোমবার দুপুর ২টার দিকে রিশিত ও পারভেজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলা দেখতে যায়। এক পর্যায়ে তারা কথা আছে বলে রিশিত ও পারভেজকে পার্শ্ববর্তী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে অপহরণকারীরা তাদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে আবারও মারধর করে রিশিত ও পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পারভেজের স্বজনরা বিষয়টি গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানায় এবং ২ লাখ টাকা নিয়ে বাঙ্গালগাছ এলাকায় যায়। টাকা লেনদেনের সময় রাত ১০টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অপরহণকারীদের হাতেনাতে আটক এবং অপহৃতদের উদ্ধার করে। অপহরণকারী দলের অন্য সদস্যদের আটকে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/জেবি/টিএন/আপ-এআর/








