শেরপুরের চাঞ্চল্যকর জুলহাস উদ্দিন (৫৫) হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন– নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) এবং একই গ্রামের মৃত মতলেব চোরার ছেলে মনু চোরা (৫২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর নয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। তিনি জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ীর তোয়ালকুচি এলাকায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেন স্থানীয় বাবুল মিয়া ও মনু চোরাসহ তাদের লোকজন। একপর্যায়ে তারা দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে জুলহাসকে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৩০ ডিসেম্বর রাতে জুলহাস উদ্দিনের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন।
পরবর্তী সময়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।









