ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীর চাপাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ ওসামা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বুধপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা তারেক নূর বলেন, ‘আমাদের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে, এমন খবর জানার সঙ্গে সঙ্গেই আমি মেডিক্যালে আসি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। ইতোমধ্যে নিহত ওই শিক্ষার্থীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ নিয়েছে। আমরা তার পরিবারকে সহযোগিতা করছি।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘রবিবার বেলা ৩টার দিকে রাজাবাড়ীর চাপাল এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।’









