রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কসাইপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সবাই মোটরসাইকেলের আরোহী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) এবং মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। আহত ব্যক্তির নাম রায়হান আলী (৩৫)। তার বাড়িও একই এলাকায়। বাবার নাম লুৎফর রহমান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে এক মোটরসাইকেলের তিন আরোহী রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। কসাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।









