কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রফিক (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ১৯ নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি জানান, শুক্রবার দুপুরে ১২-১৩ জন মুখোশধারী সন্ত্রাসী ১৯ নম্বর ক্যাম্পের ১১ নম্বর ব্লকে রফিককে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে উপর্যুপরি গুলি করে সটকে পড়ে। পরে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার পরপরই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।
অপরদিকে, র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে র্যাব এবং ৮ এপিবিএন পুলিশের যৌথ টিম ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার আরসার তিন সদস্য আছমত উল্লাহ, আব্দুর রহমান ও আবু শামা রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত সন্ত্রাসী ঘটনা ও হত্যা মামলার আসামি।









