ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা বিজয় কৃষ্ণ মল্লিক মামলাটি দায়ের করেন।
ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদ মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের প্রতি সমন জারি করেছেন। এতে আগামী ৩০ মার্চ সমন প্রতিবেদন প্রাপ্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ওয়ান ইলেভেনের সময় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, বিভ্রান্তিমূলক, ফরমায়েশি ও মানহানিকর সংবাদ প্রচারের মাধ্যমে তাঁকে কারাবরণের প্রেক্ষাপট তৈরি করা হয়। সে কারণে শেখ হাসিনা দীর্ঘ সময় কারাভোগ করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাসহ বাদীর প্রভূত ক্ষতি ও মানহানি হয়েছে। বাদী এই ক্ষতি ও মানহানি আর্থিক পরিমাণ প্রকাশে অপরিসীম বলে উল্লেখ করেন। এতে ন্যূনতম ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে এজহারে উল্লেখ করেন বাদী।
বাদীপক্ষের আইনজীবী লিটন দেব বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় এ মামলা দায়ের করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ মামলার একমাত্র আসামি মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
/এএইচ/আপ-এআর/








