ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের ত্রুটি সারাতে গিয়ে চাপা পড়ে আবুল হোসেন (৪৫) নামে এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে সীতাকুণ্ডের বারো আউলিয়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল হোসেন সীতাকুণ্ডের কুমিরার পাটঘর এলাকার আলী হোসেনের ছেলে।
এসআই আলমগীর জানান, রড বোঝাই একটি ট্রাকের চাকার সমস্যা হলে আবুল হোসেন তার ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। চাকা মেরামতের জন্য গাড়ির চাকায় একটি জ্যাক লাগানো হয়। এক পর্যায়ে জ্যাকটি পড়ে গেলে ট্রাকটি উল্টে আবুল হোসেনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।









