টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের সংঘর্ষের পর মহাসড়কের পাশের রেললাইনে ছিটকে পড়লো যাত্রীবাহী বাস। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর উঠে পড়ে।
রেজাউল করিম জানান, সংঘর্ষের ফলে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) মশিউর রহমান বলেন, ‘দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। রেললাইনে ওঠা বাসটি সরানো হয়েছে।’









