নড়াইলে ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের রূপগঞ্জে মুস্তারী কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত, অটিস্টিক ও এতিমসহ প্রায় ১২০ শিশুদের পাঞ্জাবি, জামা, চুড়ি ও কসমেটিকস সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন– নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সাংবাদিক সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এসএম শাহ পরান, উপদেষ্টা ফয়সাল মুস্তারী, সোহাগ ফারাজী, সোহেল রানা, লিজা, নিপা প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, মুস্তারী কমপ্লেক্সের একটি দোকানে সাজানো হয়েছে শতাধিক নতুন জামাসহ ঈদ সামগ্রী। শিশুরা দলে দলে বা মা-বাবাকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। সবাই স্টল ঘুরে নিজের পছন্দের জামা বিনামূল্যে নিচ্ছে। নতুন জামাসহ ঈদসামগ্রী পেয়ে আনন্দিত এসব শিশুরা।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ বলেন, ‘ঈদের আনন্দ সবার জন্য, সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’









