শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর উঠে যাওয়ায় একজন নিহত হয়েছে। এতে আরও চার জন আহত হয়েছে। তাদের শিবচর ও জাজিরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার জমাদ্দার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মোস্তাফিজুর রহমান জানান, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। পদ্মা সেতুর সংযোগ সড়ক জমাদ্দার মোড়ে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। বাসের চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, আটকা রয়েছে একাধিক যাত্রী। উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।









