বগুড়ার কাহালুতে আজাদ পেপার মিলে আগুনে বিপুল পরিমাণ পাটখড়ি পুড়ে গেছে। মঙ্গলবার (২ মে) বিকালে উপজেলার যোগারপাড়ায় এ ঘটনা ঘটে।
মিলের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ ও অন্যরা জানান, কাহালুর যোগারপাড়ায় তাদের পার্টিকেল বোর্ড তৈরির ইউনিটে কাঁচামাল ১১০ মেট্রিক টন পাটখড়ি কিনে রাখা হয়। সামনে বর্ষার কথা ভেবে ওই ইউনিটে ছাউনির ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। মঙ্গলবার বিকালে ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রুবেল রানা জানান, আজাদ পেপার মিলের পার্টিকেল ইউনিটে আগুন লাগার খবর পেয়ে বগুড়া সদর, দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ জন্য প্রতিষ্ঠানের অন্য ইউনিটগুলো রক্ষা পেয়েছে।
কাহালু থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ওয়েল্ডিং থেকে পাটখড়িতে আগুন লাগে। এতে ওই প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









