নেত্রকোনার স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, সাবেক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সদস্য শান্তনা পাহান।
এ সময় বক্তারা মুক্তি রানীর দ্রুত বিচার দাবি জানান।
গত ২ মে দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে বারহাট্টা উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তি বর্মণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার। বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।









