গাজীপুরের কালীগঞ্জে ডাকাত সন্দেহে বুদ্ধি-প্রতিবন্ধী এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছেন। তার নাম আতিকুর রহমান (৩০)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আতিকুরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আতিকের মা মিনারা বেগম ও এসআই শফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে বুদ্ধি-প্রতিবন্ধী আতিক বাড়ি থেকে বেরিয়ে নদী সাঁতরে কালীগঞ্জের পাড়ে উঠে পানি খাওয়ার জন্য স্থানীয় আড়াবান্দাখোলা গ্রামের করুণা রায়ের বাড়িতে যায়। এসময় তাকে দেখে ওই বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার শুরু করে। এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত সন্দেহে আতিককে আটক করে গণধোলাই দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন জানান, আতিক একজন বুদ্ধি-প্রতিবন্ধী। আমি নিজে তার জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি। ওর সঙ্গে যে ঘটনা ঘটেছে সত্যি খুব অমানবিক।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, শনিবার বিকেল ৪টায় আতিককে তার পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।
/এআর/








