কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৮ মে) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– করিম উল্লাহ (৫৫), ওমর ফারুক (৭), জসিম (৬), মোহাম্মদ ফারুক (৭)।
রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চার জন পথচারী ছররা গুলিতে আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার রোহিঙ্গা ছররা গুলিতে আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।'









