নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব কারখানা থেকে ৪ হাজার ৬৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৮ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এই অভিযান চালিয়েছেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর সদস্যরা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, র্যাব-১১ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিককে ২ লাখ, তানিয়া প্লাস্টিককে ২ লাখ, এম কে প্রিন্টিংকে ৭৫ হাজার এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।









