সারাদেশে সিরিজ বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি জেএমবি সদস্য আজিজুল হক গোলাপকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ মে) গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ মে) র্যাব-১৪ শহরের বাইপাস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২০০৫ সালের সিরিজ বোমা হামলার পর থেকে ১৮ বছর পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন গোলাপ। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ফ্যাশন হাউজে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।
তিনি আরও জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার প্রেস ক্লাব এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ হামলায় দুই জন নিহত হন এবং আহত হন দুই শতাধিকের বেশি মানুষ।
গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।









