মাদারীপুরের শিবচরে গলায় রশি পেঁচানো অবস্থায় গোয়ালঘর থেকে মো. হাকিম মাতুব্বর (৮৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মো. হাকিম মাতুব্বরের বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার চরনাছিরপুর এলাকায়। তিনি গত তিন বছর ধরে মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে মেয়ের বাড়িতে বসবাস করতেন।
হাকিম মাতুব্বরের মেয়ে ফাহিমা বেগম বলেন, ‘আমার বাড়িতে ঘর নির্মাণ করে তিন বছর ধরে বাবা থাকেন। ঈদের তিন দিন পর বাবা আমার ভাইদের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার ফিরে আসনে। আজ সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় গলায় রশি পেঁচানো অবস্থায় বাবা গোয়ালঘরে ঝুলে আছে। দ্রুত রশি কেটে ঘরে নিয়ে যাই। তখন বুঝতে পারি বাবা আর নেই।’
নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, ‘ঈদের পর আমাদের বাড়ি আসেন আব্বা। গতকাল সকালে বোনের বাড়িতে ফেরেন। আজ আব্বার মারা যাওয়ার কথা শুনে এখানে আসলাম।’
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’









