ফরিদপুরে মো. জিয়া মোল্লা (৩৫) নামে এক যুবককে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১০ মে) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) এবং জুবায়ের মোল্লা (৩১)।
মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মো. জিয়া মোল্লা, তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর ও বন্ধু ইমন প্রামাণিক। পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক স্কুল এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় কয়েকজন। এ সময় জিয়া মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পর দিন ১ অক্টোবর জিয়ার বাবা সাহিদ মোল্লা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, মামলার ৯ জন আসামির মধ্যে ছয় জনকে বেকসুর খালাস দেন আদালত। এ রায়ে আমরা খুশি। এতে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।









