নোয়াখালী পৌর এলাকার চারতলা একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করলেন ফায়ার সার্ভিস সদস্যরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালী স্টেশনের লিডার মো. নুর আলম জানান, শুক্রবার (১৯ মে) রাত পৌনে ৯টায় পৌরসভার পশ্চিম রাজারামপুর কাজী কলোনির খান ভিলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনের কোনও এক সময় ওই ভবনের কার্নিশে মৃত ইয়াহিয়া খানের মেয়ে নাফিজা তাহসিন নেহার পালিত বিড়ালটি আটকে পড়ে। দিনভর উদ্ধারের নানা চেষ্টা করে ব্যর্থ হন নাফিজা। রাত পৌনে ৯টায় বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে কল করেন তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিড়ালটি উদ্ধার করে।
শখের বিড়ালটি ফিরে পাওয়ায় আনন্দে নাফিজা বলেন, ‘দিনভর বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি। কিন্তু না পেরে আমাদের ঘরের সবার মন খারাপ হয়ে যায়। রাতে ফায়ার সার্ভিসকে ফোন করলে আমার বিড়ালটি উদ্ধার করে দেয়।’
নুর আলম বলেন, ‘যেকোনও প্রাণ রক্ষায় এগিয়ে আসাই ফায়ার সার্ভিসের নীতি।’









