বগুড়ায় ড্রাগ লাইসেন্স না থাকায় পাঁচ ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মে) দুপুরে শহরের মেরিনা রোডে খান মার্কেটের তৃতীয় তলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, খান মার্কেটের তৃতীয় তলায় শাফি ফার্মেসী, মনির মেডিক্যাল স্টোর, ওমর মেডিসিন স্টোর, নাফিসা ফার্মেসী ও ডলফিন মেডিক্যাল স্টোর ড্রাগ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। ড্রাগ লাইসেন্স না থাকায় দি ড্রাগস অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (গ) ও ২৭ ধারায় পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশ এবং আর্মড পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।








