গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা ভোটের শুরুতে নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় এই নির্বাচনের ভোট শুরু হবে।
প্রার্থীরা জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান টঙ্গী দারুস সালাম মাদ্রাসা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন ৫৪নং ওয়ার্ডের টঙ্গী কলেজ রোড এলাকার নিউ ব্লোন হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমান টঙ্গীর ৫৭নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজ, জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের রাজু আহমেদ টঙ্গীর এরশাদ নগরের চাংকির টেক এলাকার হাজী আলমাস আলী উচ্চ বিদ্যালয়, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতীকের আতিকুল ইসলাম ১৮নং ওয়ার্ডের নলজানি এলাকার বাড়িআলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন নগরীর কানাইয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম রনি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে, ঘোড়া প্রতীকের প্রার্থী হারুন-অর-রশীদ উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।









