নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রোমান ওরফে ক্যাপ রোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোমান বন্দরের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে মদনগঞ্জ এলাকার ক্যাপ রোমান এবং ঘারমোড়া এলাকার অনীক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে পোড়া তেলের ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ক্যাপ রোমান আহত হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। পরে ক্যাপ রোমানকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এই ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।









