অবৈধ কারেন্ট জাল তৈরি, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে করা মামলায় গ্রেফতার মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক মানিক দাস জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে জেলগেটে জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন বিচারক। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ মে দুপুরে মুক্তারপুর গোসাইবাগ এলাকায় নৌ-পুলিশের অভিযানে মহিউদ্দিনের মালিকানাধীন কারখানা থেকে তিন কোটি ১১ লাখ মিটার কারেন্ট জালসহ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় থেকে বিএনপির এই নেতা পলাতক ছিলেন। ওই ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।









