নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বুধবার (১৪ জুলাই) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচি এ রিপোর্ট লেখা পর্যন্ত (পৌনে ৫ টা) চলমান রয়েছে। বিক্ষোভে প্রায় ১ হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়রা নূর নাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এই হত্যাকাণ্ডের কোনও কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ বলেন, ‘আটক আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত সে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।’









