বরিশাল সদর উপজেলার চরকাউয়ার চরআইচার একটি ঘের থেকে অটোচালক হাসানের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বরিশালে র্যাব-৮ সদর দফতরে প্রেস বিফ্রিংয়ে র্যাব উপ-অধিনায়ক জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
নিহত হাসান নগরীর কাউনিয়া এলাকার ভাড়াটিয়া এবং ভোলার তজুমদ্দিনের আব্দুল হাকিমের ছেলে।
গ্রেফতার দুজন হলো– রুবেল হাওলাদার ও মামুন তালুকদার। রুবেল পটুয়াখালীর চরবিশ্বাস এলাকার সেলিম হাওলাদারের ছেলে এবং মামুন বরিশাল নগরীর চাঁদমারী এলাকার মৃত কালু তালুকদারের ছেলে।
প্রেস বিফ্রিংয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১৫ জুন মোবাইল ফোনে বোনের সঙ্গে কথা বলে নিখোঁজ হন হাসান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া গেলে সন্ধানে নামেন স্বজনরা। খুঁজে না পেয়ে ১৭ জুন কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তারা। ওইদিন বিকালে চরআইচা ভোলা রোডের পাশে সোহরাব ডাক্তারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় বন্দর থানায় হাসানের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।’
তিনি আরও জানান, র্যাব মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান শনাক্ত করে দুই জনকে গ্রেফতার করে। ছিনতাই করা অটোরিকশা এবং হত্যার কাজে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। আসামিরা স্বীকারোক্তি দিয়েছে, যাত্রীবেশে অটোরিকশায় চড়ে। পরে গলায় ফাঁস দিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নিহতের বোনের মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান উপ-অধিনায়ক।









