মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শেখ শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৩টার দিকে গজারিয়ার ভবেরচর থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিলকে আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে।’
গত মঙ্গলবার রাতে ওই ছাত্রলীগ নেতা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছাদে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা। তার মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায়ই হাসপাতালে যাওয়া আসা করে ভুক্তভোগী। মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছিল সে। একই সময় ৪-৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে আসলে প্রয়োজনের কথা বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল। এতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান।
বিষয়টি ভুক্তভোগীর মা থানায় জানালে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগে ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে আসামি করে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করা হয়।








