গাজীপুরে মোমেন শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ছিনতাইকারীর রডের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুলাই) ভোরে মহানগরীর জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কের হানকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মোমেন জেলার কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।
নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাই চান্দনা চৌরাস্তা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। শুক্রবার ভোরে তিনি অটোরিকশায় ফল কেনার জন্য চান্দনায় যাচ্ছিলেন। তার কাছে টাকা ছিল। ভোর সাড়ে ৫টার দিকে হানকাটা ব্রিজের কাছে একটি পিকআপে চার-পাঁচ জন যুবক অটোরিকশা থামিয়ে ভাইয়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে বুকে এবং পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাস্থলেই আমার ভাই নিহত হয়। মারা যাওয়ার পর তার লুঙ্গির কোচড়ে টাকা পাওয়া গেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুচালো কিছুর আঘাতে তার মৃত্যু হয়েছে।









