নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রংপুর নগরীর দর্শনায় এরশাদের পল্লী নিবাস বাসভবন চত্বরে অবস্থিত কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে এরশাদের কবরে ভাতিজা জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আসিফ শাহারিয়ার পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। রংপুর ছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী কোরান খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাষণ প্রচার করা হয়।








