দিনাজপুর সদর ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। রবিবার (১৬ জুলাই) দুপুরে পৃথক দুটি স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার ও চিরিরবন্দর উপজেলার চম্পাতলীতে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়
নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল গোয়ালপাড়ার বাসিন্দা মৃত আফতাব উদ্দীনের ছেলে ও বাসের হেলপার আবু বক্কর (৩০) ও পার্বতীপুর উপজেলার ধোপাকল এলাকার জাকির হোসেনের ছেলে রুহুল আমিন (৩৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুলবাড়ী থেকে প্রমদা পরিবহনের একটি বাস দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার আবু বক্কর মারা যান। পরে স্থানীয়রা বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
এদিকে একই সময়ে চিরিরবন্দর উপজেলার চম্পাতলীতে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী রুহুল আমিন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার এসআই ননী গোপাল বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।









