খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ সোমবার বেলা ২টায় শুরু হওয়ার কথা। কিন্তু সকাল ১০টা থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
‘তরুণ প্রজন্ম দেবে ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাবেশ সঞ্চালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু বলেন, ‘জীবনের প্রথম ভোট যেসব তরুণ আজও দিতে পারেনি, বাকস্বাধীনতা, অধিকার বঞ্চিত, হামলা-মামলায় জর্জরিত যুব সমাজ আজ জেগেছে। তারা এই ফ্যাসিবাদের দুঃশাসন থেকে মুক্তি চায় বলেই তারুণ্যের সমাবেশে তরুণের ঢল নেমেছে।’









