তামাক কোম্পানি জাপান টোব্যাকোর খুলনার এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) নগরীর নিরালা ১৭ নম্বর রোড সংলগ্ন কোম্পানির ডিপোতে এ অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।
তিনি বলেন, অভিযানকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও ২০১৩-এর ৫ এর ১ (খ, গ) ধারার বিধান লঙ্ঘন করে তামাকজাত দ্রব্য ব্যবহার এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে জাপান টোব্যাকোর খুলনার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার একটি দল।









