চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হলো। সোমবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন চার হাজার ১৪৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে নগরীর পাঁচলাইশ এলাকার ইদ্রিস মিয়া (৫৫), মোহাম্মদপুরের সানজিদা আক্তার (৩৪) এবং রাউজানের গরিরা ইউনিয়নের সিতারা জাহান (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গেছেন। এর মধ্যে সানজিদা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিরা সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন।
সুজন বড়ুয়া বলেন, আগস্ট মাসে এক হাজার ৩৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছেন ১১ জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু হয়েছে ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।
আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ৮৮৫ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ২৬০ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৮৭১, নারী এক হাজার ১৯১ এবং শিশু এক হাজার ৮২ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ১২ জন এবং শিশু ১৫ জন।









