জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি এলাকায় বাসের ধাক্কায় আমির হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে বিল্লাল হোসেন (১১)। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়া ঘাটে যাচ্ছিলেন।
নিহত আমির ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকার রোকন মিয়ার ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় মাওয়াগামী লেনে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে বিল্লালকে ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মার্জিয়া মাহবুব জানান, সাড়ে ১১টার দিকে দুজন সড়ক দুর্ঘটনায় রোগীকে আনা হয়। তাদের মধ্যে মোটরসাইকেল চালক আমির হোসেন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আসিফ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পলাতক অজ্ঞাত ঘাতক গাড়িটি শনাক্ত করার জন্য অভিযান চলছে।









