মুন্সীগঞ্জের নৌপথে বালুবাহী অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে অভিযান চালিয়ে ১৩টি বাল্কহেড আটক করেছে নৌ-পুলিশ।
সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই বাল্কহেডগুলো আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, নৌপথে বেপরোয়া অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩টি বাল্কহেডের যথাযথ কাগজপত্র না থাকায় আটক করা হয়।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।









