বিএনপির ডাকা রবি ও সোমবারের অবরোধের সমর্থনে ফেনীতে শনিবার রাতে সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয়েছে।
এর আগে, জেলা যুবদলের একটি মিছিল শহরের ইসলামপুর সড়ক হয়ে ট্র্যাংক রোড প্রদক্ষিণ করে ফের ইসলামপুর রোডে শেষ হয়। তবে সড়কে আগুন জ্বালানোর বিষয়টি অস্বীকার করেছেন যুবদলের নেতারা। তাদের দাবি, দলের নেতাকর্মীদের ফাঁসাতে অন্য কেউ সড়কে আগুন জ্বালিয়েছে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
ফেনী পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেন, ‘কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে যুবদলের মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গাড়িতে নয়, পেট্রোল ঢেলে সড়কে আগুন দেওয়া হয়েছে।’
অপপ্রচার ছড়ানো অনলাইন মাধ্যমগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।









