বিএনপির ডাকা অবরোধ চলাকালে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি। একই সঙ্গে অবরোধ উপেক্ষা করে সব ধরনের ট্রাকও চলাচল করবে বলে জানানো হয়। তবে মহাসড়কে যানবাহন চলাচলে প্রশাসনের কাছে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেন সমিতির নেতারা। অবরোধে পুলিশের বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্যে গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইলের বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দীন, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মণি, বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।
পুলিশ সুপার বলেন, ‘দেশের অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের ওপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে জন্য অবরোধের মধ্যে সারা দেশের সঙ্গে টাঙ্গাইল জেলার গণপরিবহন চালু থাকবে। নির্দিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হবে।’
প্রসঙ্গত, কয়েকদিন ধরে বিএনপি’র ডাকা হরতাল ও অবরোধের কারণে টাঙ্গাইল থেকে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। ফলে আর্থিক সংকটে পড়েন পরিবহন শ্রমিকরা। এ ছাড়া দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী সাধারণ যাত্রীদের।









