কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎ ভাই আল সফিউল ইসলাম ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি একাই দুই শিশুকে রশি দিয়ে বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যার করেন। এরপর আত্মগোপন করেন। মঙ্গলবার (১ মার্চ) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, মোবাইল ফোন ট্র্যাক করে ছোটনের অবস্থান নির্ণয় করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. শাহ কামাল আকন্দসহ পুলিশের একটি দল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ছোটনকে গ্রেফতার করে।
ছোটন আরও জানান, তার বাবা আবুল কালাম ১০ বছর আগে তার মাকে রেখে আরেকটি বিয়ে করেন। বাবার ওই নতুন সংসারেই জয় (৯) ও মনির (৬) নামে দুই শিশুর জন্ম হয়। এরপর থেকেই তার বাবা এবং সৎ মা তাদের প্রতি বিরূপ আচরণ শুরু করেন। তার লেখাপড়ার খরচ কমিয়ে দেন। তার ছোট বোনকে বিভিন্নভাবে নির্যাতন করেন। সর্বশেষ জানতে পারেন তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। এ কারণে ছোট দুই সৎ ভাইকে হত্যা করেন তিনি।
উল্লেখ্য, ঢুলিপাড়া এলাকায় শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎ ভাই ছোটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রবিবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন নিহত শিশুদের মা রেখা বেগম। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।
/বিটি/এফএস/








