মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফে দেড় হাজার লিটার জ্বালানি তেল অকটেন জব্দ করেছে পুলিশ। এ সময় মো. হারুন নামে এক পাচারকারীকে আটক করা হয়।
বুধবার টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, মঙ্গলবার রাতে টেকনাফের কুরাবুইজ্জ্যা পাড়ার মেরিন ড্রাইভ থেকে তেলসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
হারুন টেকনাফের সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার বাসিন্দা।
ওসি বলেন, ‘টেকনাফ থেকে নৌকায় করে মিয়ানমারে অকটেন তেল পাচারের খবরে পুলিশ মেরিন ড্রাইভে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে এক পাচারকারীকে আটক করা হয়। এ ছাড়া পাচারে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় জেলে নুর আলম বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হলে পাচারকারীরা নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন মালামাল পাচারে সক্রিয় হয়ে ওঠে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সদস্য শামসু মাঝি, মো. জাফর, আবদুর রহমান, শফি আলম ওরফে বার্মায়া শফিসহ কিছু লোকজন মেরিন ড্রাইভে মিয়ানমারে চোরাচালান চালিয়ে যাচ্ছে। সর্বশেষ মিয়ানমারে তেল পাচারকালে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়।’









