জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীসহ উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাখোলা বাজারে পাশাপাশি নৌকা ও কাঁচি প্রতীকের নির্বাচনি ক্যাম্প। মঙ্গলবার বিকালে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে ইটাখোলা বাজারে গণসংযোগ করে তার নির্বাচনি ক্যাম্পে আসেন। এ সময় নৌকা ও কাঁচি প্রতীকের কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মাহফুজ হাতাহাতি থামাতে গিয়ে নিচে পড়ে যান। এ সময় তাকে লাথি ও কিল-ঘুষি মারা হয়। পরে কর্মী-সমর্থকরা তাকে উদ্ধার করেন। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। গোলাম মাহফুজ চৌধুরীকে সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আমি ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদারসহ কর্মী-সমর্থকদের নিয়ে বিকালে গণসংযোগ করে ইটাখোলা বাজারে আমার নির্বাচনি ক্যাম্পে যাই। এ সময় নৌকা মার্কার কর্মী ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্ষেতলাল পৌরসভার সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলুর নেতৃত্বে আমার ওপর অতর্কিত হামলা চালায় তারা। শত শত মানুষের সামনে আমাকে সড়কে ফেলে মারধর করা হয়। এ সময় আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।‘
সিরাজুল ইসলাম ইসলাম বুলু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা গণসংযোগ শেষে ইটাখোলা বাজারে নৌকা মার্কার নির্বাচনি ক্যাম্পে বসে ছিলাম। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর সঙ্গে থাকা ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার নৌকা প্রতীকের কর্মী জুলফিকার আলী চৌধুরীকে দেখে কটুক্তি করেন। এ ঘটনার প্রতিবাদ করায় স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজনরা আমাদের কর্মীদের মারপিট করেন।’
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘কটূক্তি করার জের ধরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









