ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির ভাগ এনে না দেওয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ওই এলাকার লন্ডনি পাড়ার কোরবান আলীর বাড়িতে নিহত ওই গৃহবধূর নাম বিবি জয়নব প্রিয়া (২১)।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে নিহতের ভাই মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বোনের স্বামী ইসমাইল হোসেন মিয়াধন, শ্বশুর মোশাররফ হোসেন ও শাশুড়ি মোহছেনা আক্তারকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
নিহতের পরিবার জানায়, চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনি পাড়ার আমির হোসেন মাঝির কন্যা বিবি জয়নব প্রিয়ার সঙ্গে একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আবুধাবি প্রবাসী ইসমাইল হোসেন মিয়াধনের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। মিহি আক্তার নামে তাদের দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। এরমধ্যে প্রিয়ার বাবা আমির হোসেন মারা গেলে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন ইসমাইল হোসেন মিয়াধন। দেশে ফিরেই তিনি প্রিয়ার বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে প্রায়ই প্রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ ব্যাপারে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ সোমবার রাতে তার স্বামীর বাড়িতে সালিশ-বৈঠক হয়। মঙ্গলবার রাতে প্রিয়াকে হত্যার পর পাশের বাড়ির আবুল বশরের আম গাছের সঙ্গে গলয় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে তারা সবাই পালিয়ে যায়। পরে প্রিয়ার বাবার বাড়ির লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে আছেন।
সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
/জেবি/ এএইচ/








