গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।
এরা হলেন, পাটগাতী ইউনিয়নে মিলন মোল্লা, বর্ণিতে শফিকুল ইসলাম বাদশা এবং কুশলীতে খালিদ হোসেন। কোনও প্রার্থী না থাকায় এই ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম। তিনি জানান, নির্বাচন বিধি মোতাবেক তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী প্রার্থীসহ ইসলামী আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া এই ইউনিয়নগুলোয় বিএনপির কোনও চেয়ারম্যান প্রার্থী নেই।
পাটগাতী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী মাসুদুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুজ্জামান শেখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকারিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কুশলী ইউনিয়নে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তাজুল ইসলাম মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন, সাবেক চেয়ারম্যান ফায়েক মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ডুমরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শুখময় বাইন ও বন্দে আলী শেখ মনোনয়পত্র প্রত্যাহার করেছেন।
গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শৈলেন বাইন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুষেন সেন এবং ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মৃণাল কান্তি বিশ্বাস, হাসমত আলী কিনু ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির হোসেন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানান।
প্রথম ধাপে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
/জেবি/এএইচ/








