যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি খড়ের গাদার ভেতর থেকে অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল যৌথভাবে উদ্ধার করেছেন যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা।
শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
যশোর ডিবি ও পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবর আসে, সন্ত্রাসীরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি খড়ের গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল মজুত করেছে। যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’









