যশোরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ।
সকাল ৮টায় যশোর শহরের পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) কেন্দ্রে ভোট দিয়েছেন পুরাতন কসবা নিরিবিলি এলাকার ভোটার রফিকুল ইসলাম, বয়োজ্যেষ্ঠ রবিউজ্জামান, রওনক আলী, সায়েরা বেগম, আলেয়া বেগম প্রমুখ।
তারা জানান, এখনও ভিড় হয়নি। ধীরে-সুস্থে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৬৪, যার মধ্যে পুরুষ এক হাজার ১৯৪ এবং নারী ১২৭০।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আল মামুন হাসান বলেন, ‘কোনও রকম ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রথম ১৫ মিনিটে গোটা দশেক ভোট পড়েছে। এই কেন্দ্রে নৌকা, ঈগল ও লাঙ্গলের পোলিং এজেন্ট রয়েছে।’
সকাল ৮টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি টহল দল এই কেন্দ্রের সামনে এসে ১০-১২ সেকেন্ড দাঁড়িয়ে ফের চলে যায়।
প্রসঙ্গত, যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ , স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহিত কুমার নাথ ঈগল প্রতীক, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু লাঙ্গলসহ আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান, যশোর জেলার ৬ টি সংসদীয় আসনের ৮২৫ টি কেন্দ্রের সবকটিতেই ব্যালট নিরাপদে পৌঁছেছে।









