চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় ট্রাকচাপায় শিবগঞ্জ থানা পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবীশ সার্জেন্ট আতাউল ইসলাম।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কানসাট গোপালনগর মোড়ে ঘাতক ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যায়।
পরে পুলিশের ওই দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করেন। পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় তারা ওভারটেক করে ট্রাকটি থামানোর চেষ্টা করেন।এ সময় ট্রাকচালক নির্দেশ না মেনে তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তা সাদেকুল ও আতাউল মারা যান। তাদের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/জেবি/এপিএইচ/








