কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দী গ্রামের সবুজ হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো আলমগীর এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দৌলতপুর উপজেলার দিঘলকান্দী এলাকার আমির উদ্দিনের ছেলে রুবেল এবং একই এলাকার মুরাদের ছেলে সুজন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর সবুজের মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে তাকে পলিথিন কেনার কথা বলে বাড়ি থেকে কুষ্টিয়ার মিরপুর বাজারে ডেকে নিয়ে যান রুবেল ও সুজন। পরে মিরপুর রেল লাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম (মন্টু মাস্টার) বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় রুবেল ও সুজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সুজন ও রুবেল আদালতে সবুজকে গলাকেটে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী সবুজের মোটরসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের ফাঁসির রায় দেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) বাবু অনুপ কুমার নন্দী ও অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।
/বিটি/এইচকে/








