রাজশাহীতে ভেঙে যাওয়া রেললাইনে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলায় এই ঘটনা ঘটে। তবে স্থানটির নাম জানাতে পারেননি রেল কর্মকর্তারা। তারা বলেছেন, নন্দনগাছী ও আড়ানী স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত রেললাইন ঠিক করা হয়েছে।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেললাইনে ভাঙন দেখা দিয়েছিল। স্লিপারের কয়েকটি নাট খুলে গিয়েছিল। শীত আর অতিরিক্ত চাপের কারণে এমনটি হয়। তবে সঙ্গে সঙ্গে তা ঠিক করা হয়েছে। আর এই লাইনটি শতবর্ষী। ৫০ মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’









