টাঙ্গাইলের ঘাটাইলে
হয়রানি বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পাঁচ শতাধিক গ্রাহক কর্মসূচীতে অংশ নেন। পরে গ্রাহকরা ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় , দুপুরে ঘাটাইল উপজেলার কুড়িপাড়া, গানজানা, চকপাড়া, দিয়াবাড়ি, সিকিবাইদ, মাকড়াই ও গান্ধিসহ ২০টি গ্রামের পাঁচ শতাধিক গ্রাহক একত্রিত হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।
ঘেরাও চলাকালে গ্রাহকদের পক্ষে বক্তৃতা রাখেন মো. রুহুল ইসলাম রিপন। এ সময় মাকড়াই গ্রামের লাল মাহমুদ জানান, প্রায়ই দিনেই এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে। আবার দুই থেকে তিন দিন বিদ্যুতের খোঁজই থাকে না। তারপরও গড় বিল করে হয়রানি করে বিদ্যুতের কর্মচারীরা।
গানজানা গামের রাইসুল ইসলাম জানান, বিদ্যুতের বিল নিয়মিত দেওয়া হয় না। ৩ থেকে ৪ মাস পর পর বিদ্যুতের বিল দেওয়া হয়। অনেক গ্রাহকদের পক্ষে বিদ্যুৎ বিল একত্রে দেওয়া সম্ভব হয় না।
এ সময় ঘাটাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে বিক্ষুব্ধ গ্রাহকরা মিছিলসহ ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগমের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর আগে তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।
/এনএস/এএ/








